প্রিন্ট এর তারিখঃ Nov 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
জ্বালানি তেলের দাম যে কারণে বেড়েই চলছে

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল সরবরাহে যে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে উঠছে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে সরবরাহ পরিস্থিতির উন্নতি হলেও বিশ্ববাজারে তেলের দাম কমছে না, বরং বাড়ছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ১৮ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে উপসাগরীয় অঞ্চল থেকে প্রতিদিন গড়ে ২ কোটি ৪৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে। যুদ্ধ শুরুর আগের গড় রপ্তানির পরিমাণকেও ছাড়িয়ে গেছে এই হার।
তবে বৈশ্বিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম গত এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধ শুরুর আগের তুলনায় দাম বেড়েছে ৬০ শতাংশের বেশি।
শুক্রবার ডিসেম্বর মাসে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের আগাম চুক্তির দাম ২ শতাংশের বেশি বেড়ে সাময়িকভাবে প্রতি ব্যারেল ১১৭ ডলার ছাড়িয়ে যায়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী যুদ্ধে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা, তেলের মজুত কমে যাওয়া এবং অঞ্চলটি থেকে তেল পরিবহণের ব্যয় বেড়ে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
© 2018-26 Global Market BD Limited. All rights reserved.